পশ্চিম সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, রাতভর গোলাগুলিতে একজন নিহত
খুলনার কয়রা উপজেলার সুন্দরবন পশ্চিম বন বিভাগে কোস্ট গার্ডের অভিযানে রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শওকত সরদার (৬০) নামে একজন মৃত্যুবরণ করেছেন। অভিযানে দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নসংলগ্ন সুন্দরবন পশ্চিম বন বিভাগের এলাকায় বৃহস্পতিবার রাতভর কোস্ট গার্ডের অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন বলে জানিয়েছেন কয়রা থানা পুলিশের ওসি শাহ আলম। নিহত ব্যক্তির নাম শওকত সরদার। তাঁর বয়স ৬০ বছর। তিনি মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহেশ্বরীপুর এলাকার ইজহার সরদারের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ডের তেতুলতলা গুচ্ছপাড়ার বাসিন্দা ছিলেন। তাঁর মরদেহ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তেঁতুলতলার চর গ্রামের বাসিন্দারা জানান, রাতে সুন্দরবনের গভীর থেকে একের পর এক গুলির শব্দ এবং আগুনের শিখা দেখা গেছে। শতাধিক গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। আতঙ্কে নারী-শিশুসহ অনেকেই বাড়ির বাইরে অবস্থান নেন। অনেকে প্রথমে ধারণা করেন, দুটি বনদস্যু বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। পরে সকালে কোস্ট গার্ডের সদস্যদের খোড়লকাঠী বাজার এলাকায় দেখা গেলে তাদের অভিযানের বিষয়টি জানা যায়। মহেশ্বরীপুর ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান খোকন বলেন, সুন্দরবনে দীর্ঘদিন ধরে বিভিন্ন বনদস্যু চক্র সক্রিয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোলাগুলি শুরু হয়। এতে তেঁতুলতলার চরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ রাতভর আতঙ্কে নির্ঘুম কাটিয়েছেন। সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনাটি কয়রা টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ময়দাফেসা খাল এলাকায় ঘটেছে বলে বনরক্ষীদের কাছ থেকে জেনেছি। বর্তমানে ওই এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা রয়েছেন। কোস্ট গার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, অভিযানে দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম (৫০) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে আবার সঙ্গে নিয়ে যান তারা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নথিতে দেখা গেছে, কয়রার মহেশ্বরীপুর গ্রামের মানিক গাজীর ছেলে রবিউল ইসলামকে (৫০) সকাল ৯টা ৫৫ মিনিটে হাসপাতালে নিয়ে যায় কোস্ট গার্ড। তাঁর হাতসহ শরীরে গুলির ক্ষত ছিল। তেঁতুলতলার চর গ্রামের বাসিন্দারা জানান, এ রবিউল ইসলামই বনদস্যু দুলাভাই বাহিনীর প্রধান। একসময় সুন্দরবনের ত্রাস ছিল ইলিয়াস বাহিনী। তিনি মারা যাওয়ার পর ২০২৪ সালে ইলিয়াসের বোনের স্বামী রবিউল নতুন দল গড়ে তুললে, স্থানীয় লোকজন এর নাম দেন দুলাভাই বাহিনী। শুক্রবার সকালে কোস্টগার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার রাত থেকে এখনো পর্যন্ত সুন্দরবনে তাদের অভিযান চলছে। কুখ্যাত দুলাভাই বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন অভিযানে রয়েছেন। তিনি ফিরে এলে বিস্তারিত জানানো হবে।