হামে প্রাণহানি বেড়ে ৭০২, গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৭০২ জনে পৌঁছেছে। একই সময়ে ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে শুক্রবার জানানো হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৬০৯ জন মারা গেছে। সবচেয়ে বেশি ২৬৩ জন ঢাকায়, রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৭, চট্টগ্রামে ৫১, ময়মনসিংহে ৫৬, বরিশালে ৩৯, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জন মারা গেছে। গেল ২৪ ঘণ্টায় ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৮৬৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে, যাদের মধ্যে ৭৮৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগে ২৭৯, চট্টগ্রামে ১৮৫, বরিশালে ১২১, সিলেটে ৬৪, খুলনায় ৪৫, ময়মনসিংহে ৩৯, রাজশাহীতে ৪২ এবং রংপুরে ১১ জন ভর্তি আছেন। এ পর্যন্ত মোট ৮১ হাজার ২৮৩ জন হাম রোগী ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৭৭ হাজার ৬১৩ জন ছাড়া পেয়েছে। দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন।