রংপুর-ময়মনসিংহ-সিলেটে আগামী দুদিনে অতি ভারি বৃষ্টির শঙ্কা
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। একই সময়ে কয়েকটি জেলার নদীবন্দরে দমকা হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারি (ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।