সব সংবাদ
খেলা

স্পেন ম্যাচের আগে সৌদি আরবের প্রত্যাশা ও আর্জেন্টিনা-বধের স্মৃতি

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব। এবার স্পেনের বিপক্ষে ম্যাচে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের শুরুর একাদশে থাকা নিয়ে অনিশ্চয়া রয়েছে। সৌদি কোচ জর্জিওস দনিস বলেছেন, এই দুই তারকা না থাকলে স্পেন ভিন্নভাবে খেলবে।

২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল সৌদি আরব। সেই একই কাণ্ড ২০২৬ বিশ্বকাপেও ঘটাতে মরিয়া দলটি। আজ রোববার স্পেনের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে এশিয়ান এই দল।

এই ম্যাচে অঘটন ঘটানোর সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস শুরুর একাদশে থাকেন কিনা তার ওপর। চোট থেকে সেরে উঠে ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছেন এই দুই তারকা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে স্পেন গোলশূন্য ড্র করার সেই ম্যাচে বদলি হিসেবে বেঞ্চে ছিলেন তারা।

সংবাদ সম্মেলনে সৌদি কোচ জর্জিওস দনিস বলেন, 'ইয়ামাল বা উইলিয়ামস বেঞ্চে থাকলে স্পেন একই দল থাকে না। তখনও তাদের বলের দখল অনেক থাকে, তবে এই দুজন না থাকলে ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে গোল করার যে ব্যক্তিগত সামর্থ্য, সেটার ঘাটতি দেখা যায়।'

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, 'ইয়ামাল ভালো অনুভব করছে, এটাই সবচেয়ে ভালো খবর। সে কত মিনিট খেলবে তা আমরা দেখব। মূল বিষয় হলো, সে ফিরে এসেছে।'

শক্তিশালী স্পেনের বিপক্ষে নিজের খেলোয়াড়দের কম ভুল করা, আরও সংঘবদ্ধ থাকা আর রক্ষণে আরও সংগঠিত থাকার তাগিদ দিয়েছেন দনিস। তিনি বলেন, 'আমরা বিশ্বের অন্যতম সেরা একটা দলের বিপক্ষে খেলছি। এই ধরনের দলের বিপক্ষে খেলার সময় অভিজ্ঞতাটা উপভোগ করা এবং প্রতিপক্ষকে সম্মান করা জরুরি।'

বলের দখল প্রসঙ্গে দনিস বলেন, 'স্পেনের বিপক্ষে খেলে কোনো দলের পক্ষেই বলের দখল ধরে রাখা খুব কঠিন। তাই আমাদের নিজেদের চলাফেরায় আরও নিয়ন্ত্রণ রাখতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে।'

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব, যদিও সেবার গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা। উল্টো সেই বিশ্বকাপ জিতেই নিয়েছিল আর্জেন্টিনা।

দনিস বলেন, 'ফুটবলে অলৌকিক ঘটনা দেখতে ভালো লাগে। আমরা ফেভারিটদের কাছে আন্ডারডগদের হারতে দেখেছি। অবশ্যই, আর্জেন্টিনার বিপক্ষে সেই ফলাফলের একটা দারুণ স্মৃতি সৌদি ফুটবলের জন্য দারুণ একটা ব্যাপার।'

মিয়ামিতে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইতিবাচক শুরু করেছিল সৌদি আরব। তবে দনিস বলেছেন, নকআউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখার আসল চাবিকাঠি লুকিয়ে আছে আগামী শুক্রবার হিউস্টনে গ্রুপের শেষ ম্যাচে।