ভিনির বাতিল গোল নিয়ে ফিফায় অভিযোগ ব্রাজিলের, মেসির গোলকে পাল্টা উদাহরণ হিসেবে টানা হয়েছে
স্কটল্যান্ডের বিপক্ষে ভিনির বাতিল হওয়া গোল নিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল। মেক্সিকান রেফারি ভিডিও রিপ্লে দেখে ফাউলের জন্য গোল বাতিল করেন। অভিযোগ জোরালো করতে ব্রাজিল অস্ট্রিয়ার বিপক্ষে মেসির একটি বিতর্কিত গোলকে উদাহরণ হিসেবে টেনেছে।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র একটি গোল করেন। তবে মেক্সিকান রেফারি সিজার রামোস ভিডিও রিপ্লে দেখে জানান, ভিনি স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরিকে পেছন থেকে ফেলে দিয়ে বল কেড়ে নিয়েছিলেন। ফলে গোল বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছে ব্রাজিল। ম্যাচে পরে ভিনি দুটি গোল করলেও হ্যাটট্রিক হয়নি। ম্যাচ শেষে ভিনি আক্ষেপ প্রকাশ করেন।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ফিফার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত টুর্নামেন্টের মূল দর্শনের পরিপন্থী। স্কটিশ ফুটবলাররাও কোনো ফাউল বা গোল বাতিলের আশা করেনি, যা প্রতিক্রিয়া থেকে স্পষ্ট বোঝা গেছে।
অভিযোগ জোরালো করতে ব্রাজিল আরেকটি ঘটনা টেনেছে। অস্ট্রিয়ার বিপক্ষে মেসির ৩৮ মিনিটের গোলেও অনুরূপ পরিস্থিতি ছিল। আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক আলিস্টার অস্ট্রিয়ার খেলোয়াড়কে ট্যাকল করেন। ফুটবলার মাটিতে পড়ে গেলেও রেফারি খেলা চালিয়ে যেতে দেন এবং মেসি গোল করেন। সেই গোল বৈধ বলে গণ্য হয়। এই দুই ঘটনার মধ্যে দ্বিমতের বিষয়টি তুলে ধরেছে ব্রাজিল।
এদিকে, ব্রাজিল গতকাল স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। শীর্ষ পর্বে তারা জাপানের মুখোমুখি হবে।