সব সংবাদ
জাতীয়

মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়তে সরকারের আহ্বান

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগে কাজ হবে না, সমাজের সবার অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন। তিনি বলেন, মাদক শুধু ব্যক্তির জীবনই ক্ষতিগ্রস্ত করে না, এর প্রভাব পড়ে পরিবার, সমাজ ও অর্থনীতির ওপরও। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। মন্ত্রী আরও বলেন, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তরুণদের টার্গেট করছে। সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। প্রতিরোধই সর্বোত্তম উপায় উল্লেখ করে তিনি বলেন, চাহিদা কমাতে পারলে উৎপাদনও কমে আসবে। এজন্য বিলবোর্ড, শিক্ষা ক্ষেত্রে জনসচেতনতা এবং চিকিৎসা ও পুনর্বাসনের মানোন্নয়নে কাজ চলছে।