বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন। এর আগে সকালে তিনি তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান চারদিনের সরকারি সফরে চীনে গেছেন। গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। এরপর তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান এবং বুধবার বিকেলে বেইজিং পৌঁছান। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তাঁকে লালগালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা জানান। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক সই হয়। ২৬ জুন শুক্রবার স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর গ্রেট হল অব দ্য পিপলে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সিপিসির জাদুঘর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। জাদুঘরের কিউরেটর তাঁকে স্বাগত জানান এবং পুরো জাদুঘরটি ঘুরিয়ে দেখান। প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখেন এবং একটি ইমার্সিভ অডিও-ভিজ্যুয়াল কোস্টার শো উপভোগ করেন। পরিদর্শন শেষে তিনি জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসের উদ্দেশে জাদুঘর ত্যাগ করেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা আজ স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।