সব সংবাদ
রাজনীতি

সরকার সংস্কার ও সুশাসনে ব্যর্থ: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকার তা পূরণ করতে পারেনি। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের জন্ম দেওয়া শাসনব্যবস্থার মৌলিক কাঠামো অপরিবর্তিত রয়েছে।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শুক্রবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ বিশ্বাস করেছিল যে ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশে একটি মৌলিক পরিবর্তন আসবে। দীর্ঘ সংলাপের পর যে সংস্কার সনদ তৈরি হয়েছিল, তার ওপর গণভোট অনুষ্ঠিত হলেও জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা হয়নি। যেসব রাষ্ট্রীয় কাঠামোর কারণে অতীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলোও অপরিবর্তিত রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সরকারি দল ও বিরোধী দল উভয়েই গণভোটের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। এ কারণে জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, খুন, ধর্ষণ, সন্ত্রাস ও জুলুম-নিপীড়ন বেড়েই চলেছে। মানুষের জানমাল ও সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। তিনি সরকারের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। বিরোধী দল হিসেবে জনগণের স্বার্থবিরোধী যেকোনো সরকারি পদক্ষেপের প্রতিবাদ করা হবে বলেও তিনি জানান।