সব সংবাদ
আন্তর্জাতিক

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শি জিনপিংয়ের ঐতিহাসিক সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি তিয়েনআনমেন স্কয়ারে চীনের জাতীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান। চার দিনের সরকারি সফরে বাংলাদেশ ও চীন ১৩টি সমঝোতা স্মারক সই করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে ঐতিহাসিক সাক্ষাৎ করেছেন। শুক্রবার সকাল ১০টায় চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং বিউগলে করুণ সুর পরিবেশন করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বীরদের স্মৃতির প্রতি সম্মান জ্ঞাপন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী চার দিনের সরকারি সফরে বেইজিংয়ে অবস্থান করছেন। এই সফর তার প্রথম বিদেশ সফরের অংশ, যা গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হয়েছিল। তারপর তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। দালিয়ানে দুই দিনের কর্মসূচি শেষে বুধবার বিকেলে তিনি বেইজিং পৌঁছান। বৃহস্পতিবার বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক সই হয়। একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী 'ইনভেস্ট বাংলাদেশ' শীর্ষক একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের সঙ্গে দলীয় বৈঠক করেন। সফরকালে বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহী, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। বেইজিংয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনাসহ সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। আজ বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।