সব সংবাদ
রাজনীতি

সরকার মৌলিক সংস্কার চাইতে রাজি নয় : শফিকুর রহমান

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, ভোট কমিশনসহ মৌলিক সংস্কারের দাবি উপেক্ষা করছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও কোনো পরিবর্তন আসেনি।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে। তিনি অভিযোগ করেন, সরকার স্বাধীন বিচার বিভাগ চাচ্ছে না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাচ্ছে না, স্বাধীন মানবাধিকার কমিশন চাচ্ছে না, স্বাধীন ভোট কমিশন চাচ্ছে না। এভাবে গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান আগের মতোই থেকে গেছে। শুক্রবার সকালে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের আশা ছিল যে এত ত্যাগের বিনিময়ে পরিবর্তন আসবে। কিন্তু ফেব্রুয়ারিতে গণভোট হলেও ৭০ ভাগ মানুষের ভোটকে উপেক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, দেশে কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি, মানুষের জীবনে শান্তি নেই, নিরাপত্তা নেই, যুবকদের কাজ নেই এবং মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা নেই।