লেবাননের কচ্ছপ সংরক্ষণকারী মোনা খলিল ইসরাইলি হামলায় নিহত
লেবাননের পরিবেশবাদী কর্মী মোনা খলিল (৭৬) দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় আহত হয়ে হাসপাতালে মারা গেছেন। তিনি দক্ষিণ উপকূলে বিপন্ন সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন।
লেবাননের পরিবেশবাদী কর্মী মোনা খলিল ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। ৭৬ বছর বয়সী খলিল দক্ষিণ লেবাননের তায়র শহরের কাছে মানসৌরি সৈকতে তার বাড়িতে হামলায় আহত হন এবং হাসপাতালে কয়েক দিন চিকিৎসার পর গত শুক্রবার মারা যান।
প্রায় ২৫ বছর ধরে মোনা খলিল দক্ষিণ লেবাননের উপকূলে বিপন্ন লগারহেড ও সবুর সামুদ্রিক কচ্ছপদের সংরক্ষণে কাজ করেছেন। ১৯৯৯ সালে লেবাননের গৃহযুদ্ধের শরণার্থী খলিল নেদারল্যান্ডস থেকে পরিবারের সৈকতের বাড়ি দেখতে এসে এক রাতে মানসৌরি সৈকতে একটি সবুর কচ্ছপ ডিম পাড়তে দেখেন। এই অভিজ্ঞতা তার জীবন বদলে দেয় এবং তিনি সামুদ্রিক কচ্ছপদের সংরক্ষণে আত্মনিয়োগ করেন।
২০০০ সালে তিনি অরেঞ্জ হাউস প্রকল্প প্রতিষ্ঠা করেন, যা পরিবেশ শিক্ষা ও সংরক্ষণ কেন্দ্রে পরিণত হয়। তার প্রচেষ্টায় উপকূলের কিছু অংশ সুরক্ষিত হয়েছে এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র সম্পর্কে সচেতনতা বেড়েছে। ২০০৬ সালের যুদ্ধেও তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু তিনি সৈকত ছেড়ে যাননি। পরিবেশ গোষ্ঠীগুলো বলছে, তার উত্তরাধিকার সংরক্ষণ আন্দোলনে ও প্রজন্মের পর প্রজন্ম কচ্ছপদের মধ্যে বেঁচে থাকবে।