প্রধানমন্ত্রী তারেক রহমানের তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা
চীন সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এসময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হন।
চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে শুক্রবার সকাল সোয়া ৯টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের বিপ্লবী বীরদের স্মৃতিতে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পার্ঘ্য অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বীরদের প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেন। এসময় তার সহধর্মিণী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুন উপস্থিত ছিলেন। এদিন সকাল ১০টায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। দিনের অন্যান্য কর্মসূচিতে রয়েছে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাদুঘর পরিদর্শন। বিকাল ৫টায় প্রধানমন্ত্রী বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হন এবং সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা। এই তিন দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এতে বিনিয়োগ, গণমাধ্যম সহযোগিতাসহ ১৩টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভোজসভার আয়োজন করেন। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর তারেক রহমানের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়া।