ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, শতাধিক ভবন ধসে পড়েছে
ভেনেজুয়েলায় শক্তিশালী দুইটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২৩৫ জনে পৌঁছেছে। এতে কমপক্ষে ৪ হাজার ৩০০ মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরের উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় ১০০টিরও বেশি ভবন ধসে পড়েছে এবং ৭০ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২৩৫ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই ভূমিকম্পে অন্তত ৪ হাজার ৩০০ মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উত্তরের উপকূলীয় রাজ্য লা গুয়াইরার বাসিন্দা। আলভারাদো জানান, প্রায় ২৩৫ জন এমন ব্যক্তিকে পাওয়া গেছে, যারা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পৌঁছানোর আগেই মারা গেছেন অথবা আসার পরপরই প্রাণ হারিয়েছেন। স্থানীয় হাসপাতালগুলো ইতিমধ্যে আহত মানুষে পূর্ণ হয়ে গেছে এবং পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে অস্থায়ী ফিল্ড হাসপাতাল যুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরায় ১০০টির বেশি ভবন ধসে পড়েছে এবং এই এক রাজ্যেই ৭০ হাজারের বেশি পরিবার ভূমিকম্পের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে সেখানে নিয়োজিত উদ্ধারকর্মীর সংখ্যা ৪ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১১ হাজার ৫০০ করা হচ্ছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা 'নেটব্লকস' জানিয়েছে, ভেনেজুয়েলায় ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এখনো স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক নিচে রয়েছে এবং এই বিপর্যয় মাঠপর্যায়ে উদ্ধারকারীদের তৎপরতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কথা বলেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস। রদ্রিগেস জানান, গুতেরেস ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছেন এবং জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য জাতিসংঘের সকল অঙ্গসংস্থা পুরোপুরি প্রস্তুত রয়েছে।