বঙ্গোপসাগরে ঝড়ে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ২ দিন পর উদ্ধার
লক্ষ্মীপুরের এক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে ট্রলার থেকে পানিতে পড়ে যান। দুই দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা সৈকতের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরের রায়পুর থানার চর গাছিয়া এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন মাঝি (২৩ জুন) ভোরে গঙ্গামতি এলাকা থেকে ট্রলারযোগে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। সকাল ১০টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসে সমুদ্র উত্তাল হয়ে পড়লে শাহাবুদ্দিন মাঝি ট্রলার থেকে ছিটকে পানিতে পড়ে যান। সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে তীরে ফিরে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা সৈকতের লেম্বুর বন-সংলগ্ন সমুদ্র এলাকা থেকে জেলেরা মরদেহটি ভাসতে দেখে শাহাবুদ্দিনের স্বজনদের খবর দেন। পরিবারের সদস্যরা অন্য একটি ট্রলারের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।