সব সংবাদ
রাজনীতি

আশুরা: অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের চিরন্ত প্রেরণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই দশই মহররম উপলক্ষে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আশুরা শুধু বেদনার দিন নয়, বরং অন্যায্য শাসনের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণাদায়ক দিন।

পীর সাহেব চরমোনাই বলেছেন, দশই মহররম পৃথিবীর ইতিহাসে একদিকে বেদনাবিধুর স্মৃতি, অন্যদিকে অন্যায্য শাসন ও ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামের অনিঃশেষ প্রেরণা। এই দিনে হজরত হোসাইন রাদিআল্লাহু তাআ'লা আনহু ও তার পরিবার-পরিজনের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সকল অন্যায্য শাসনের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের প্রতিজ্ঞা করতে হবে। তিনি আরও বলেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা বিশ্বাসের অংশ, কিন্তু তা শরীয়াহর সীমারেখা ছাড়িয়ে যাওয়া উচিত নয়। সাহাবায়ে কেরামের সম্পর্কে কটুক্তি করাও কাম্য নয়। ইসলাম সর্বদা ভারসাম্যপূর্ণ ইনসাফের শিক্ষা দেয়। পীর সাহেব উল্লেখ করেন, কারবালার ঘটনার আগে থেকেই আশুরা ইসলামে গুরুত্বপূর্ণ ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার দিনকে তাৎপর্যময় বিবেচনা করেছেন এবং এই দিনের রোজাকে বিশেষভাবে মহিমান্বিত করেছেন। তাই আশুরার দুই রোজা রাখা ও তাসবিহ-তাহলিল আদায়ে মনোযোগী হতে হবে।