বিশ্বকাপে আবারও ‘ভুয়া সমর্থক’ বিতরণ কাতারের!
চলতি বিশ্বকাপে কাতার সরকার যুক্তরাষ্ট্র ও কানাডায় সমর্থকদের বিনামূল্যে টিকিট, বিমানভাড়া ও হোটেল সুবিধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে দাবি করা হয়েছে, কাতার ফুটবল অ্যাসোসিয়েশন প্রায় এক হাজার সমর্থককে পুরো ম্যাচ স্টেডিয়ামে রেখেছিল।
যুক্তরাষ্ট্রের লুমেন ফিল্ড স্টেডিয়ামে এক মার্কিন নাগরিকের হাতে ‘কাতার ফ্যানবক্স’ লেখা একটি প্যাকেট দেখা গেছে। ওই প্যাকেটের ভেতর থেকে বের করা হয়েছে জার্সি, সানগ্লাস, দলের স্কার্ফ ও কাতারের মেরুন-সাদা পতাকা। কাতারকে একটি শক্তিশালী সমর্থক-সমৃদ্ধ ফুটবল জাতি হিসেবে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।
চার বছর আগে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে ‘ভুয়া সমর্থক’ ব্যবহারের অভিযোগ অস্বীকার করা হলেও, ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এবারও একই অভিযোগ এনেছে। তাদের অনুসন্ধানে দাবি করা হয়েছে, চলতি বিশ্বকাপে কাতার সরকার ফুটবল দলকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র ও কানাডায় সমর্থকদের যাতায়াত ও থাকার ব্যয় বহন করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার পাউন্ড মূল্যের ম্যাচের টিকিট, বিমান ভাড়া ও হোটেল সুবিধা অনেকেই বিনামূল্যে পেয়েছেন। এমনকি কাউকে এক রিয়ালও খরচ করতে হয়নি। কাতারের গ্রুপ পর্বের তিনটি ম্যাচে প্রায় এক হাজার সমর্থককে পুরো সময়জুড়ে স্টেডিয়ামে রাখা হয়েছিল বলে দাবি দ্য টেলিগ্রাফের। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের জন্য আরও ৫০০ জনকে টিকিট দেওয়া হয়।
এর আগে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) ৫ জুন প্রকাশিত এক বিবৃতিতে ‘কাতারি ফ্যানস ডেলিগেশন প্রোগ্রামের’-এর কথা উল্লেখ করে জানায়, প্রায় এক হাজার নিবেদিতপ্রাণ সমর্থকসহ অংশগ্রহণকারীদের বিমান টিকিট, কাতার এয়ারওয়েজের ফ্লাইট, হোটেল ও স্থানীয় পরিবহনের খরচ কর্মসূচির আওতায় বহন করা হচ্ছে। স্টেডিয়ামে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে খেলোয়াড়দের বিশ্বমঞ্চে সর্বোচ্চ সাফল্য অর্জনে উৎসাহিত করাই তাদের উদ্দেশ্য বলেও জানানো হয়।
সৌদি আরবের রিয়াদ থেকে আসা এক সমর্থক বলেন, খুব দ্রুত খবর ছড়িয়ে পড়ে যে কাতার টিকিট দিচ্ছে এবং সব খরচ বহন করছে। উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ক থাকলেই আবেদন করা যাচ্ছিল। বিনামূল্যে নিয়ে আসা সমর্থকদের অনেককে ভ্যাঙ্কুভারের ফেয়ারমন্ট হোটেল এবং জেডব্লিউ ম্যারিয়ট পার্ক হোটেলে রাখা হয়। সিয়াটলে থাকা সমর্থকদের জন্য হায়াট রিজেন্সি ও ডব্লিউ সিয়াটল-সহ চারটি হোটেলের ব্যবস্থা করা হয়েছিল।
এ বিষয়ে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন এবং সৌদি আরব ফুটবল ফেডারেশনে মন্তব্য জানতে চাইলেও ব্যর্থতার কথা জানায় দ্য টেলিগ্রাফ।