বিশ্বকাপে ইতিহাস! জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের লক্ষ্য ইকুয়েডর কোচের
চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানিকে প্রথমবার হারিয়েছে ইকুয়েডর। এই ঐতিহাসিক জয়ের পর ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান আন্দ্রেস বেকাসিক বলেছেন, এবারের লক্ষ্য কোয়ার্টার ফাইনালে পৌঁছানো।
নিউজার্সির মূল স্টেডিয়ামের বাইরে প্রেস কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনের শুরু থেকেই ফিফা স্বেচ্ছাসেবকরা 'নো সেলফি, অটোগ্রাফ প্লিজ' প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানিকে প্রথমবার হারানোর সুযোগ হাতছাড়া করেননি অনেক সাংবাদিকই। প্রেস কনফারেন্স শেষে সাংবাদিকরা সেবাস্তিয়ান আন্দ্রেস বেকাসিকের সঙ্গে ছবি তোলার সুযোগ নেন। এসময় বাংলাদেশি সাংবাদিক পরিচয় দিলে কোচের প্রতিক্রিয়া ছিল—'ও...বাংলাদেশ?' আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার এখন ইকুয়েডরের কোচ হলেও দীর্ঘদিন আর্জেন্টিনা জাতীয় দল ও ক্লাবে কাজ করেছেন। বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক তাই তাকে চেনেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, 'এই ম্যাচের আগে কেউ ভাবেনি জার্মানি হারবে ইকুয়েডরের কাছে, আপনি ভেবেছিলেন কি?' জবাবে সেবাস্তিয়ান বলেন, 'জীবনটাই এ রকম—কখনও হাসায়, কখনও কাঁদায়। আপনাকে সব সময় লড়ে যেতে হবে। কিছুদিন আগে কুরাসাওয়ের সঙ্গে ড্র হয়েছে, আর এখন চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নকে হারালাম। জীবনের মতোই ফুটবলে নানা কিছু হতে পারে।' এবারের বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডের মতো বড় দল হারেনি। চারবারের চ্যাম্পিয়ন জার্মানির এই হার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। সেবাস্তিয়ান স্বীকার করে বলেন, 'জার্মানির বিপক্ষে জয় ইকুয়েডরের জন্য বিশাল। ইকুয়েডরে এখন বড় উৎসব চলছে। দক্ষিণ আমেরিকা থেকে অনেকে কষ্ট করে এসেছে—তারাই আমাদের অনুপ্রেরণা।' ম্যাচে জার্মানি দ্বিতীয় মিনিটে গোল করে এগিয়ে যায়। পরে ইকুয়েডর সমতা আনে। দ্বিতীয়ার্ধে আরেক গোল করে ম্যাচ জিতে নেয় ইকুয়েডর। মাঝে জার্মানির একটি পেনাল্টির আবেদন বাতিল হয়। ইকুয়েডরের কোচ বলেন, 'ম্যাচের শুরু থেকেই আমরা নিয়ন্ত্রণে ছিলাম। শেষ পর্যন্ত ফুটবলাররা ভালো খেলে ম্যাচ জিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।' মাত্র ৩৬ বছর বয়সী এই কোচের কথাবার্তায় পরিপক্বতা। মাঠের কৌশলে পটুতা প্রমাণ করেছেন জার্মানিকে হারিয়ে। ইকুয়েডরকে নিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে তিনি বলেন, 'ইকুয়েডর কখনও কোয়ার্টার ফাইনাল খেলেনি। এবার লক্ষ্য কোয়ার্টার ফাইনাল খেলার।'