সব সংবাদ
অন্যান্য

দৌলতখানে মহিষ চুরি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৩ জন আহত

ভোলার দৌলতখানে মহিষ চুরির বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন গুরুতর আহত হয়েছেন।

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালতলী এলাকায় গত ২৫ জুন বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নুর ইসলামের ছেলে রাসেল দুটি মহিষ ক্রয় করেন। একই এলাকার আবিদ, আলম ও তাঁর ছেলে রুবেল সেই মহিষ দুটি চুরি করে নিয়ে যান। পরে পুলিশের সহায়তায় মহিষ দুটি উদ্ধার করে প্রকৃত মালিক রাসেলের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নুর ইসলাম মহিষগুলো মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় চুরির ঘটনায় ক্ষিপ্ত হয়ে আবিদ ও তাঁর লোকজন নুর ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। রাসেল ও তাঁর মামা ফয়েজ বাধা দিতে গেলে তাঁদেরও পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত তিনজনকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত আবিদ ও আলম এলাকা ছেড়ে পলাতক রয়েছেন। দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।