পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ কোম্পানির কর্মী নিহত
পিরোজপুরের কাউখালী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ওষুধ কোম্পানির কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুরে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এক ওষুধ কোম্পানির কর্মী মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহাদেব বিশ্বাস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) ছিলেন। তিনি পিরোজপুর সদর ও ভান্ডারিয়া উপজেলায় দায়িত্ব পালন করতেন এবং মাগুরা জেলার বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেব বিশ্বাস মোটরসাইকেলে করে পিরোজপুর থেকে ভান্ডারিয়া যাচ্ছিলেন। পথে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং নিহত ব্যক্তির লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।