সব সংবাদ
খেলা

মরিনিয়োর বিশ্বকাপ ফেভারিট তালিকা: ইংল্যান্ড ও পর্তুগাল সবচেয়ে এগিয়ে

রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিয়ো বিশ্বকাপে ইংল্যান্ড ও পর্তুগালকে শিরোপার সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে উল্লেখ করেছেন। তিনি মনে করেন, ফ্রান্স ও ব্রাজিলও লড়াইয়ে থাকবে।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগেই ফেভারিট নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এবার সেই আলোচনায় যোগ দিলেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হোসে মরিনিয়ো। ইউটিউব চ্যানেল 'বিস্ট মোড অন'-এর একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর মতামত জানিয়েছেন।

মরিনিয়ো বলেছেন, পর্তুগালের বিশ্বকাপ জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে তারা একা নয়, আরও কয়েকটি শক্তিশালী দল রয়েছে। তিনি সবসময়ই ইংল্যান্ডকে শিরোপার সম্ভাব্য দাবিদার হিসেবে দেখে আসছেন। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড, জন টেরি, রিও ফার্দিনান্দ ও ডেভিড বেকহ্যামের প্রজন্ম থেকেই তিনি এ কথা বলে আসছেন। এরপরও তারা পারেনি, কিন্তু তিনি এখনও বলেন— ইংল্যান্ড পারবে।

কেন ইংল্যান্ডের এত সম্ভাবনা, সেই ব্যাখ্যাও দিয়েছেন এই পর্তুগিজ কোচ। তিনি বলেন, আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল। ক্রিস্টাল প্যালেস কনফারেন্স লিগ জিতেছে। ইউরোপা লিগ জিতেছে অ্যাস্টন ভিলা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ও পিএসজি বাদ দিলে বিশ্বের সেরা খেলোয়াড়রা ইংল্যান্ডেই খেলছে।

মরিনিয়োর মতে, অতীতে টাইব্রিকারে হেরে যাওয়ার মতো ছোট ছোট বিষয়ই ইংল্যান্ডকে পিছিয়ে দিয়েছে। গণমাধ্যমের চাপ ও সমর্থকদের প্রত্যাশা তারা অনেক সময় সামলাতে পারেনি। তবে তাদের সব সময়ই ভালো কোচ ছিল, এখনও আছে। তাই তিনি মনে করেন, তারা বিশ্বকাপ জিততে পারে।

এছাড়া ফ্রান্সের স্কোয়াডে গভীরতা এবং কার্লো আনচেলত্তির অধীন ব্রাজিলেরও সম্ভাবনা দেখেন মরিনিয়ো। তার মতে, ফ্রান্স তিনটি আলাদা দল নিয়ে খেললেও শিরোপার লড়াইয়ে থাকবে। মরক্কোর সঙ্গে ড্রয়ের মতো খারাপ ফলের পরও কার্লো বিচলিত হন না। তিনি সবসময়ই বিশ্বাস করেন, কার্লো পার্থক্য গড়ে দিতে পারেন। পর্তুগালের স্কোয়াডও অসাধারণ বলে উল্লেখ করেছেন তিনি।

স্পেন ও আর্জেন্টিনাকে অনেকে ফেভারিট বললেও মরিনিয়ো তেমন গুরুত্ব দেননি। একটি মজার সুরে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের দ্রুত বিদায় চাওয়ার কথাও জানান এই কোচ। তিনি বলেন, তিনি চান রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা হেরে যাক এবং ছুটিতে চলে আসুক। কারণ তিনি চান যত দ্রুত সম্ভব প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিক তারা।