নেইমারের মাঠে ফেরা নিয়ে বিতর্কে ডেভিড আনচেলত্তি, স্ত্রীর ক্ষোভ
বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৯৮১ দিন পর ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন নেইমার। তবে তার মাঠে নামার সময় কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তির একটি অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে এটিকে নেতিবাচক প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করলেও ডেভিডের স্ত্রী আনা গালোচা এই ব্যাখ্যাকে ভুল বলে দাবি করেছেন।
বিশ্বকাপের গ্রুপপর্বে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচে ৭৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র। এটি ছিল ৯৮১ দিন পর তার প্রথম ম্যাচ ব্রাজিল জাতীয় দলের জার্সিতে। নেইমারের এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেলেও, একটি ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে।
ব্রাজিল জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে আছেন ডেভিড আনচেলত্তি। কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড দীর্ঘদিন ধরে তার বাবার সহকারী হিসেবে কাজ করছেন। ২০২৫ সালে তিনি প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন, যখন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলের ক্লাব বোটাফোগোর কোচ ছিলেন। বিশ্বকাপ শেষে তিনি ফরাসি ক্লাব লিলের দায়িত্ব গ্রহণ করবেন।
ম্যাচ চলাকালীন একটি ভিডিওতে দেখা যায়, ডেভিড আনচেলত্তি মাথা নাড়ছেন। সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে নেইমার মাঠে নামার প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেন। এরপর থেকে ডেভিড ব্যাপক আক্রমণের শিকার হন।
তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর ভাষ্যমতে, ডেভিডের ওই অঙ্গভঙ্গি নেইমারকে উদ্দেশ্য করে ছিল না। তিনি পাশে বসা সহকারী কোচ পল ক্লেমেন্টের সঙ্গে কথোপকথনের অংশ হিসেবে মাথা নাড়ছিলেন। পূর্ণ ভিডিওতে দেখা যায়, পরবর্তীতে ডেভিড উঠে দাঁড়িয়ে নেইমারকে শুভেচ্ছা জানান এবং মাঠে নামার আগে তাকে অভিবাদন জানান।
এই বিতর্কের মধ্যে মুখ খুলেছেন ডেভিডের স্প্যানিশ স্ত্রী আনা গালোচা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, 'আপনারা কি জানেন যে একটি দৃশ্যকে সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করছেন, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই? আর এর কারণেই আজ সকাল থেকে আমি অসংখ্য অপমানজনক বার্তা পাচ্ছি। আমরা সবার আগে চাই ব্রাজিল জিতুক।'