সব সংবাদ
জাতীয়

সৈয়দপুরে মালবাহী ট্রেনের সাথে ট্রাক্টর ট্রলির সংঘর্ষে নিহত ১

সৈয়দপুর-পার্বতীপুর রেলপথের এক অরক্ষিত রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের সাথে ইটবোঝাই ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর রেলপথের বাঙালীপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর থেকে সৈয়দপুরগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের সাথে ইটবোঝাই একটি ট্রাক্টর ট্রলি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আমিনুল ইসলাম (৩৫) মারা যান। নিহত চালক নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দিঘলডাঙ্গী গ্রামের বাসিন্দা। এই ঘটনায় ট্রলির হেলপার হাসান (২৬) গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। প্রত্যক্ষদর্শীদের মতে, রেলক্রসিংটি অরক্ষিত থাকা এবং ট্রেনের হুইসেল না দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করেছে।