ফিফা বিশ্বকাপে ম্যাচসেরা কারা নির্বাচন করেন? ভোট প্রক্রিয়া জানুন
ফিফা বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার নির্ধারণ হয় সমর্থকদের ভোটে। ফিফা প্লে জোন অ্যাপ বা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভোট দেন সমর্থকরা। এই পুরস্কারের রেকর্ড সবচেয়ে বেশি লিওনেল মেসির দখলে।
ইংল্যান্ডের জুড বেলিংহাম ঘানার বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পর বলেছিলেন, এই পুরস্কার তার প্রাপ্য নয়, বরং ঘানার কোনো ডিফেন্ডারের প্রাপ্য ছিল। তার এই স্বীকারোক্তির পর ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে—বিশ্বকাপে ম্যাচসেরা আসলে কারা নির্ধারণ করেন?
ক্লাব ফুটবলে সাধারণত ধারাভাষ্যকারেরাই ম্যাচের সেরা খেলোয়াড় বেছে নেন। কিন্তু ফিফা বিশ্বকাপে নিয়মটা ভিন্ন। এখানে ধারাভাষ্যকারদের হাতে এই ক্ষমতা নেই। পুরো বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে সমর্থকদের হাতে।
ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের বাঁশি বাজার পর থেকে খেলা শেষ হওয়া পর্যন্ত সমর্থকরা সরাসরি ভোট দিতে পারেন। ফিফা প্লে জোন অ্যাপ এবং অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ভোট দেওয়ার সুযোগ পান সমর্থকেরা। ফলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের কাছে জনপ্রিয়তার ওপরও অনেক সময় নির্ভর করে এই পুরস্কার।
ফুটবল বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার দেওয়া শুরু হয় ২০০২ বিশ্বকাপে। সেই বিশ্বকাপে প্রথম ম্যাচসেরার পুরস্কারটি উঠেছিল সেনেগালের এল হাদজি দিউফের হাতে।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডটি লিওনেল মেসির দখলে। চলতি আসরে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার জিতে মেসি তার মোট পুরস্কারের সংখ্যাকে ১৩-তে নিয়ে গেছেন। তালিকায় মেসির ঠিক পরেই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচটি বিশ্বকাপ খেলে পর্তুগাল মাত্র দুবার শেষ ষোলোর গণ্ডি পেরোতে পারলেও সিআরসেভেন ম্যাচসেরা হয়েছেন ৭ বার।