সব সংবাদ
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশু পাবে সোনার আংটি

ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার ঘোষণা করেছে, সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়া হবে। 'থাই মামান গোল্ড রিং স্কিম' নামে এই প্রকল্পে বছরে ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় একটি অনন্য জনকল্যাণমূলক উদ্যোগ ঘোষণা করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়া হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'থাই মামান গোল্ড রিং স্কিম'।

তামিল সমাজে 'থাই মামান সির' নামে একটি প্রচলিত রীতি রয়েছে, যেখানে নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন তার মামা (মাতার ভাই)। এই সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে রাজ্য সরকার এই প্রকল্প চালু করতে চলেছে।

মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে এই কর্মসূচি কার্যকর হবে, তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে। এই প্রকল্পে বছরে ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

রাজ্য প্রশাসনের বক্তব্য, শিশুদের প্রতি স্নেহ ও দায়িত্ববোধের প্রতীক হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং তামিল সংস্কৃতির ঐতিহ্যকে আরও শক্তিশালী করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।