লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে গলা কেটে হত্যা, সন্দেহভাজনের মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে একই পরিবারের এক নারী ও তার দুই কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেক মেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন। স্থানীয়দের হাতে পিটুনিতে এক সন্দেহভাজনেরও মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দেনায়েতপুর এলাকায় বৃহস্পতিবার সকালে একটি ভবন থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৫) এবং তার দুই মেয়ে ছায়মা (২১) ও সিফা (১৩)। এই হত্যাকাণ্ডে গুরুতর আহত হয়ে আরেক মেয়ে ইকরা (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত পরিবারটি কুমিল্লা জেলার হোমনা থানাধীন লটিয়া গ্রামের বাসিন্দা। শাহীনুরের স্বামী কামাল হোসেন ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরিবারটি রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ভাড়া থাকতো এবং প্লাস্টিক পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অন্তর মজুমদার নামে এক ফল বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। অভিযুক্ত ঘাতকের বাড়ি নোয়াখালীর সুবর্নচরে এবং সে ওই পরিবারের সাথে একই ভবনে ভাড়া থাকতো।
জেলা পুলিশ সুপার আবু তারেক জানান, তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।