ফেনীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস বোঝাই ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত ও আটজন আহত হয়েছে। ঘটনাস্থলে একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে বুধবার রাতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ফেনীর খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি গ্যাস বোঝাই ট্রাকের চাকা পাংচার হলে চালক ট্রাকটি মহাসড়কের পাশে থামিয়ে চাকা পরিবর্তনের কাজ শুরু করেন। এ সময় ট্রাক চালককে সাহায্য করতে স্থানীয় কয়েকজন মানুষ জড়ো হন। হঠাৎ পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস বোঝাই ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং নয়জন আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর একজন এবং আনার আগেই অন্যজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকের হাত-পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। জরুরি চিকিৎসা শেষে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে ফেনী হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে জাহাঙ্গীর (৪০) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফাজিলপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করে। এ ঘটনায় পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে।