গাজায় গণহত্যার মধ্যেই জার্মানির সাথে যৌথ নৌ-মহড়া ইসরায়েলের
গাজায় চলমান ফিলিস্তিনি নিধনের প্রতিবাদের মধ্যেই ইসরায়েলের সাথে যৌথ নৌ-মহড়া শুরু করেছে জার্মানি। একটি জার্মান যুদ্ধজাহাজ হাইফা বন্দরে পৌঁছেছে, যা দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান নৃশংসতার কারণে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা উঠলেও ইসরায়েলের সাথে সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে জার্মানি। শনিবার একটি জার্মান যুদ্ধজাহাজ হাইফা বন্দরে এসে পৌঁছায় এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে যৌথ মহড়া শুরু হয়। এই মহড়ার জন্য জার্মান কমান্ডার ভলকার কুবিশ হাইফা নৌঘাঁটির প্রধান রিয়ার অ্যাডমিরাল ইরেস বেন জিওনের সাথে সাক্ষাৎ করেন। ইসরায়েলি নৌবাহিনী এই সফরকে দুই দেশের নৌবাহিনীর মধ্যে "পেশাদার এবং কর্মক্ষম সম্পর্ক জোরদার করার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ" হিসেবে অভিহিত করেছে। দীর্ঘদিন ধরে জার্মানি ইসরায়েলকে অত্যাধুনিক সাবমেরিন সরবরাহ করে আসছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভ রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই সাবমেরিনগুলো তাত্ত্বিকভাবে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। উল্লেখ্য, মাত্র দুদিন আগে জাতিসংঘের একটি তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে স্পষ্ট জানিয়েছে, গাজায় ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করছে ইসরায়েল। জাতিসংঘ একে সরাসরি 'গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ' হিসেবে চিহ্নিত করেছে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে জার্মানির এই সামরিক মহড়া নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।