চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এমপি সাঈদ আল নোমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। জাতীয় সংসদের স্পিকার কর্তৃক গত ৫ জুন তাঁসহ আরও ৪ জন সিনেট সদস্যের নাম ঘোষণা করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি জাতীয় সংসদের স্পিকার কর্তৃক এই পদে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) স্পিকার মনোনীত চবির ৫ জন সিনেট সদস্যের নাম প্রকাশ করেন। জাতীয় সংসদে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত ৫ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্পিকার ঘোষিত ৫ জন সিনেট সদস্যের নাম প্রকাশিত হয়। তাঁরা হলেন, সাঈদ আল নোমান (চট্টগ্রাম-১০), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১৩), এরশাদ উল্লাহ (চট্টগ্রাম-৮), গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম-৬) এবং মোহাম্মদ আবু সুফিয়ান (চট্টগ্রাম-৯)। এ বিষয়ে জানতে চাইলে সাঈদ আল নোমান বলেন, তাঁর মা-বাবা দুইজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তারা এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। সেই হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর দায়িত্বও অনেক বেশি। তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক অগ্রগতি সাধনে তিনি তাঁর দায়িত্ব থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন।