সব সংবাদ
অর্থনীতি

আম মৌসুমে রাজশাহী অঞ্চলে শনিবারও ব্যাংক খোলা থাকবে

চলমান আম মৌসুমে ব্যবসায়ীদের আর্থিক লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের নির্দিষ্ট এলাকায় সাপ্তাহিক ছুটির দিন শনিবারও ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত আমের বাজার সংলগ্ন ব্যাংক শাখাগুলো এই সুবিধা পাবে।

আম ব্যবসায়ীদের সুবিধার্থে চলমান আম মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আমের বাজার সংলগ্ন ব্যাংকগুলো শনিবারও খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩১ জুলাই পর্যন্ত সীমিত পরিসরে এসব এলাকার তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখাগুলো খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের এসডিএডি বিভাগের পরিচালক মো. আবদুল মান্নানের সই করা একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী এবং নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা আমের বাজার সংলগ্ন ব্যাংক শাখাগুলোকে এই সুবিধা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক জানায়, আম মৌসুমে ব্যবসায়ীদের নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ ও জমা নিশ্চিত করার পাশাপাশি নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি নিরসনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া, ছুটির দিনে ব্যাংক খোলা রাখার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।