গাইবান্ধায় দুধ স্নান করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি সমর্থকের
গাইবান্ধার সাঘাটায় বিএনপি সমর্থক আব্দুল জলিল তোতা দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার দুই স্বজন হত্যাকাণ্ডের বিচার না পাওয়ায় তিনি এই প্রতীকী কর্মসূচি পালন করেন।
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি সমর্থক আব্দুল জলিল তোতা বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা করেন। এসময় স্থানীয়দের সামনে তিনি জানান, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না।
তার অভিযোগ, ২০১৮ সালের ৫ জুলাই তার চাচাতো ভাই মুকুলকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল। আট বছর পেরিয়ে গেলেও সেই হত্যার বিচার তিনি পাননি। এরপর গত ২১ জুন তার মামাতো ভাই সাইফুল্লাহ বারী, যিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
তোতা বলেন, একের পর এক স্বজন হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। রাজনীতির নামে মানুষ হত্যা এবং বিচারহীনতা তাকে হতাশ করেছে। তাই তিনি রাজনীতি থেকে সম্পূর্ণ সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ জানান, আব্দুল জলিল তোতা বিএনপির কোনো পদধারী নেতা বা কর্মী নন। তিনি দলের কোনো কমিটির সদস্যও নন এবং বর্তমানে তার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।