ডাক বিভাগের ই-কমার্স কমিটি গঠনের একদিন পরই স্থগিত
ডাক অধিদপ্তরের ক্রস বর্ডার ই-কমার্স বিষয়ক ১১ সদস্যের বিশেষ কমিটি গঠনের একদিন না পেরোতেই স্থগিত করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের অন্তর্ভুক্তি এবং তাদের নির্বাচনের মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৩ জুন ডাক অধিদপ্তরের আন্তর্জাতিক ডাক সার্ভিস (আইপিএস) শাখা থেকে একটি অফিস আদেশ জারি করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির উদ্দেশ্য ছিল ডাক অধিদপ্তরের মাধ্যমে ক্রস বর্ডার ই-কমার্স সেবা সম্প্রসারণের কার্যক্রম বেগবান করা। কমিটিতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্থান দেওয়া হয়েছিল। তবে পরদিন ২৪ জুনই আরেকটি অফিস আদেশে কমিটির কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। কমিটির সদস্য তালিকায় বিভিন্ন ই-কমার্স, সফটওয়্যার, পরামর্শক ও লজিস্টিকস খাতের প্রতিনিধি ছিলেন। কিন্তু তারা কোন সংগঠনের প্রতিনিধি এবং ক্রস বর্ডার ই-কমার্সে তাদের প্রমাণিত অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠে। এছাড়া সদস্য নির্বাচনের মানদণ্ড ও সম্ভাব্য স্বার্থের সংঘাত বিষয়ে কোনো স্পষ্টতা ছিল না। ডাক বিভাগের পরিচালক (আইপিএস) মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, প্রাথমিকভাবে কিছু অংশীজনের সঙ্গে আলোচনার জন্য কমিটি গঠন করা হয়েছিল। পরে দেখা যায়, এ খাতে কাজ করে এমন আরও অনেক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা রয়েছেন, যাদের মতামত নেওয়া প্রয়োজন। তাই সবাইকে সমান সুযোগ দিতে কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করে তাদের লিখিত প্রস্তাব ও মতামত পর্যালোচনার পর নতুন কাঠামোয় কমিটি গঠন করা হবে।