সব সংবাদ
আন্তর্জাতিক

এয়ার ইন্ডিয়ার পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া, পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশের ঘটনা

ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে পড়ায় পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অমৃতসর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে পরিদর্শনের কারণে বিমানটিকে আকাশে অপেক্ষা করতে বলা হয়েছিল।

গত সোমবার রাতে দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে পড়ে। এই ঘটনার পর সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, রাত ১০টা ৮ মিনিটের দিকে অমৃতসর বিমানবন্দরে অবতরণের প্রস্তুতির সময় রানওয়ে পরিদর্শন চলায় বিমানটিকে আকাশে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এর আগে একই দিন বিকেলে অমৃতসরে অবতরণ করা ইন্ডিগোর একটি ফ্লাইট পাখির আঘাতের শিকার হলে বিমানবন্দরের কার্যক্রমে সাময়িক প্রভাব পড়ে। ডিজিসিএর তথ্যমতে, রাডার নির্দেশনার ভিত্তিতে অবতরণের প্রক্রিয়া চলাকালে বিমানটি অল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। পরে পাকিস্তানের বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বিমানটি পরে দিল্লিতে ফিরে গিয়ে নিরাপদে অবতরণ করে। এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে জানানো হয়েছে, অমৃতসর বিমানবন্দরে গো-অ্যারাউন্ড পদ্ধতি অনুসরণের সময় ফ্লাইট এআই-৪৭৯ অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের আকাশসীমার প্রায় তিন মাইল ভেতরে প্রবেশ করেছিল। ঘটনার পর বিষয়টি যথাসময়ে রিপোর্ট না করায় ফ্লাইটের ক্রু সদস্যদের পাশাপাশি অমৃতসরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, ঘটনার সময় অমৃতসর বিমানবন্দরে রাডারভিত্তিক পর্যবেক্ষণ ও নির্দেশনা ব্যবস্থা সচল ছিল না বলেও জানা গেছে।