সব সংবাদ
বিনোদন

সালমানের প্রথম প্রেম ছিলেন কিয়ারার মাসি! শাহিন জাফরির সঙ্গে প্রায় বিয়ে হতে যাচ্ছিল

বলিউড সুপারস্টার সালমান খানের প্রথম প্রেমিকা ছিলেন মডেল শাহিন জাফরি, যিনি কিয়ারা আদভানির মাসি এবং হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের নাতনি। জেনেভিভ জাফরি (কিয়ারার মা) ও সালমান ছিলেন শৈশবের বন্ধু।

বলিউড সুপারস্টার সালমান খান অবিবাহিত হলেও তার প্রেমজীবন সবসময় আলোচনার কেন্দ্রে থেকেছে। অভিনেতার অনেক প্রেমিকার কথা শোনা গেলেও একজন মডেলের কথা কমই জানা যায়, যিনি সবসময় অন্তরালে ছিলেন। সালমানের প্রথম প্রেমিকা হিসেবে যার নাম সবার আগে শোনা যায়, তিনি হলেন শাহিন জাফরি। যিনি পেশায় একজন মডেল এবং বিখ্যাত বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির মাসি। কিয়ারার মা জেনেভিভ জাফরি ও সালমান খান ছিলেন ছোটবেলার বন্ধু। তারা মুম্বাইয়ের বান্দ্রায় একসঙ্গে বড় হয়েছেন। জেনেভিভই সালমানের সঙ্গে তার বোন শাহিন জাফরিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এরপরই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। শাহিন জাফরি ও জেনেভিভ হলেন হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের নাতনি। তাই কিয়ারা হলেন অশোক কুমারের প্রপৌত্রী। এ পরিবারে সালমানের এন্ট্রি সব কিছু বদলে দিয়েছিল। সালমান খানের তখন বয়স ছিল মাত্র ১৯ বছর। শাহিনের প্রেমে পড়ে তিনি হাবুডুবু খাচ্ছিলেন। শাহিনের সঙ্গে দেখা করার জন্য তিনি তার কলেজের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। খান পরিবারও শাহিনকে খুব পছন্দ করত এবং তাদের বিয়েও প্রায় ঠিক হয়ে গিয়েছিল। এরপর অভিনেত্রী সংগীতা বিজলানীর আগমনে সালমান ও শাহিনের সম্পর্কে ফাটল ধরে যায়। সংগীতার সঙ্গে সালমানের ঘনিষ্ঠতায় ক্রমেই দূরে সরে যেতে থাকেন শাহিন। তবে বিচ্ছেদের পরও কিয়ারা আদভানির পরিবারের সঙ্গে সালমানের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে।