বিশ্বকাপ ফাইনালে মেসির বিপক্ষে খেলার স্বপ্ন দেখছেন কিউবার্সি
১৯ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার পাউ কিউবার্সি বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির মুখোমুখি হওয়ার শৈশবের স্বপ্নের কথা জানিয়েছেন। বার্সেলোনার এই তরুণ রক্ষণভাগের খেলোয়াড় মেসিকে তার পরিবারের আইডল বলে উল্লেখ করেছেন।
বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা তরুণ ডিফেন্ডার পাউ কিউবার্সি বর্তমানে স্পেন জাতীয় দলের মূল একাদশের সদস্য হিসেবে খেলছেন। চলতি বিশ্বকাপে নিজেদের দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যায়, তাহে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ১৯ বছর বয়সী ডিফেন্ডার বলেন, ফাইনালে মেসির বিপক্ষে খেলা তার জন্য শৈশবের স্বপ্নের বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, তার পুরো পরিবার জন্ম থেকেই বার্সেলোনার সমর্থক এবং ছোটবেলা থেকেই মেসি তাদের সবার আইডল।
এদিকে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জনে ভাসছেন। এই বিষয়ে কিউবার্সি বলেন, যে-ই আসুক তাকে স্বাগত জানাবেন এবং তারা তাদের বর্তমান দল নিয়েই মরণপণ লড়বেন। তবে আলভারেজকে মার্ক করা কঠিন বলেও স্বীকার করেছেন তিনি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে। বার্সেলোনায় কিউবার্সির সতীর্থ রোনাল্ড আরাউহো উরুগুয়ের হয়ে খেলছেন। ক্লাব সতীর্থের মুখোমুখি হওয়া প্রসঙ্গে কিউবার্সি বলেন, উরুগুয়ে খুবই লড়াকু দল এবং তাদের বিরুদ্ধে স্বাভাবিক খেলাটা খেলতে হবে।