প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক আজ
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) অনুষ্ঠিত এই বৈঠক প্রধানমন্ত্রীর চার দিনের চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটি প্রধানমন্ত্রীর চার দিনের চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, সফরের শেষ দিবসে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন এবং আশা করা হচ্ছে এসব আলোচনা ইতিবাচক ফল বয়ে আনবে। এদিন সকালে গ্রেট হলে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী এবং চীনের জাদুঘর পরিদর্শন করবেন। স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রী বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ২৪ সদস্যের সফরসঙ্গী দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্য উপদেষ্টা ও কর্মকর্তারা। প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে তিনি ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে চীন সফর করেছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফরে গত ২১ জুন তিনি মালয়েশিয়া যান। তারপর তিনি দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার বিকেলে বেইজিংয়ে পৌঁছান। বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়।