সব সংবাদ
জাতীয়

পিরোজপুরে মোটরসাইকেল সংঘর্ষে ইনসেপ্টার প্রতিনিধি নিহত

পিরোজপুরের কাউখালী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক প্রতিনিধি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কাউখালী-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটলে তিনি গুরুতর আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে মৃত ঘোষণা করা হয়।

পিরোজপুরের কাউখালী উপজেলায় বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় কাউখালী-ভান্ডারিয়া সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার মহাদেব বিশ্বাস (৪০) নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেব বিশ্বাস মোটরসাইকেলে পিরোজপুর থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মহাদেব বিশ্বাস মাগুরা সদর উপজেলার বাসিন্দন এবং পিরোজপুর ও ভান্ডারিয়া এলাকায় ইনসেপ্টা কোম্পানির দায়িত্ব পালন করতেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।