বিএমইউ'র আজীবন এমিরেটাস অধ্যাপক পদ থেকে ডা. এবিএম আবদুল্লাহ'র নিয়োগ বাতিল
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ডা. এবিএম আবদুল্লাহ'র আজীবন এমিরেটাস অধ্যাপক পদ বাতিল করেছে এবং গত দুই বছরের বেতন-ভাতা ফেরত দিতে নির্দেশ দিয়েছে। ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই নিয়োগ দেওয়া হয়েছিল, যা বিধি বহির্ভূত বলে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ডা. এবিএম আবদুল্লাহ'র আজীবন এমিরেটাস অধ্যাপক পদ বাতিল করেছে এবং গত দুই বছরের বেতন-ভাতা ফেরত দিতে নির্দেশ দিয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়, যা অবিলম্বে কার্যকর। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন। আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম সভায় অধ্যাপক আবদুল্লাহকে এমিরেটাস অধ্যাপক (আজীবন) হিসেবে যে নিয়োগ দেওয়া হয়েছিল তা বিধি বহির্ভূত বলে বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই তারিখ থেকে তার বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, একই সিন্ডিকেট সভায় প্রথমে এমিরেটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা হয় এবং পরে তাৎক্ষণিক তাঁর নিয়োগ অনুমোদন করা হয়, যা নিয়মবিরোধী। ডা. আবদুল্লাহ ১৯৯৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং পরে মেডিসিন বিভাগের অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ২৪ ডিসেম্বর তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিযুক্ত হন।