সব সংবাদ
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায়: ১৩টি সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন দিনের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বিনিয়োগ সহযোগিতাসহ মোট ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের উপস্থিতিতে এসব স্মারক সই হয়। এর আগে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয় অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন ১৩টি সমঝোতার বিষয়ে বিস্তারিত জানান। এগুলোর মধ্যে রয়েছে—গ্রিন ডেভেলপমেন্টে বিনিয়োগ সহযোগিতা, জয়েন্ট অ্যাকশন প্লান, বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করে চীনে রপ্তানি বাড়ানো, বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা, কনসেশনাল লোনের সুদের হার কমানো ও গ্রেস পিরিয়ড বাড়ানো, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের অধীনে স্বাস্থ্য, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্লান, বাংলাদেশের জাতীয় ফল কাঠাল চীনে রপ্তানি, চীনের ভাষা ম্যান্ডারিন বাংলাদেশের স্কুল কারিকুলামে যুক্ত করা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা, মিডিয়া ক্ষেত্রে সহযোগিতা ও থিংক ট্যাংক ফোরাম, রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল ও নিউজ পেপারের সঙ্গে চারটি এমওইউ, এবং চট্টগ্রামের আনোয়ারা ও মোংলায় ইকোনমিক জোনের মাধ্যমে বিনিয়োগ বাড়িয়ে নতুন চীনা কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি। এছাড়া সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন 'তিয়াওইউথাই'-এ চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যেও একটি সমঝোতা স্মারক সই হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং এতে সই করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর তারেক রহমানের প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান। ওই সফর শেষে সোমবার তিনি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার বিকালে বেইজিংয়ে পৌঁছান। শুক্রবার গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মূল প্রতিবেদন (Reference): বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা — bdnews24