সব সংবাদ
অন্যান্য

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনা: তরুণ আটক

নরসিংদীতে এক ব্যক্তি কুকুরের গলায় রশি বেঁধে ইট ঝুলিয়ে নদীতে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। আজ দুপুরে অভিযান চালিয়ে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

নরসিংদী সদর থানা পুলিশ একটি ভিডিওর সূত্র ধরে কুকুর নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) আটক করেছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কুকুরের গলায় রশি বেঁধে তার অপর প্রান্তে একটি ইট সংযুক্ত করে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে দিচ্ছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ভিডিওটি 'অ্যানিম্যাল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ' নামে একটি ফেসবুক আইডি থেকে প্রকাশ হয়। এরপর এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা পুলিশের নজরে আসে। পুলিশ ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে এবং আজ দুপুরে তার বাড়ি থেকে তাকে আটক করে। অভিযুক্ত আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।