সিরাজগঞ্জ ও জামালপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু এবং জামালপুরের সরিষাবাড়ীতে বিল থেকে শাপলা ফুল তুলতে গিয়ে আরেক শিশু পানিতে ডুবে মারা গেছে।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল ১১টার দিকে কাজীপুর উপজেলার যমুনা নদীর পূর্বপাড় চরাঞ্চলের নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়ার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)। পুলিশ জানায়, স্থানীয় একটি মাদ্রাসার তিন ছাত্র গোসল করতে নদীতে নেমেছিল। স্রোতের কারণে দুজন পানিতে ডুবে যায় এবং স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিল থেকে শাপলা ফুল তুলতে গিয়ে মো. সামি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রাম নিখাঁই মধ্যপাড়ার পেরী বিলে এই দুর্ঘটনা ঘটে। সামি ওই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। সকালে সামি ও তার চার বন্ধু বাড়ির পাশের পেরী বিলে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে বিলের গভীর গর্তে পড়ে তাদের মধ্যে দুইজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে। তাদের মধ্যে তাসনিম (৭) নামে এক শিশুকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। অপরদিকে সামিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।