সব সংবাদ
রাজনীতি

১১ দলের ঐক্য: গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১ জুলাই থেকে ৩৬ দিনের কর্মসূচি

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৩৬ দিনের ব্যাপক কর্মসূচি পালন করবে। এ কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, মানববন্ধন, জাতীয় সেমিনার, নারী আলোচনা সভা, চিত্রপ্রদর্শনী, দোয়া মাহফিল ও সমাবেশ।

গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ১১-দলীয় ঐক্য আগামী ১ জুলাই থেকে ৩৬ দিনের ব্যাপক কর্মসূচি পালন করবে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ১৫ জুলাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশের সব জেলা ও মহানগরে সেমিনার অনুষ্ঠিত হবে। ৬ জুলাই জাতীয় সংসদের সামনে শহীদ পরিবারের ব্যানারে মানববন্ধন এবং স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে। ৮ জুলাই রাজধানীতে জাতীয় সেমিনার, ২০ জুলাই নারীদের অংশগ্রহণে আলোচনা সভা এবং ২৩ থেকে ২৫ জুলাই চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া ৩১ জুলাই দেশের সব মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিজ নিজ উপাসনালয়ে বিশেষ প্রার্থনার কর্মসূচি রয়েছে। ৫ আগস্ট রাজধানীসহ সারা দেশে উপজেলা পর্যায় পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।

রাজধানীসহ সারা দেশে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ এবং গ্রাফিতি অঙ্কনের কর্মসূচিও থাকবে।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, ৩৬ দিনের কর্মসূচিগুলোর কিছু বিভিন্ন তারিখে বাস্তবায়ন করা হবে। এসব তারিখ ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে। পাশাপাশি কয়েকটি মহানগরে আগে ঘোষিত সমাবেশ পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ জুলাই রাজধানীর বাইরে সারা দেশে পূর্বঘোষিত গণমিছিলও হবে।

এর আগে সকাল ১১টায় ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিগত সরকারের আমলের নৃশংসতার বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি চূড়ান্ত করতেই এ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ অন্যান্য নেতারা।