ফেনীতে মাসুম হত্যা মামলার প্রথম চার্জশীটভুক্ত আসামীর জামিন, ক্ষোভে সাধারণ মানুষ
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফেনীর মহিপালে নিহত কলেজ ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় চার্জশীটভুক্ত এক আসামীকে জামিন দিয়েছেন আদালত। এটি এই মামলায় প্রথম কোনো চার্জশীটভুক্ত আসামীর জামিন পাওয়ার ঘটনা।
ফেনীর মহিপালে ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন মাহবুবুল হাসান মাসুম নামে এক কলেজ ছাত্র। তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আওয়ামী সরকার পতনের তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি। মাসুম সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের তোরাব পাটোয়ারী বাড়ির মৃত মাওলানা নোমান হাসানের ছেলে এবং ছাগলনাইয়া উপজেলার আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ থেকে বাংলায় স্নাতক সম্পন্ন করেছিলেন। এই হত্যার ঘটনায় ৪ সেপ্টেম্বর নিহতের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান বাদী হয়ে ১৬২ জনের নাম উল্লেখ করে আরও ৪শ থেকে ৫শ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। এই মামলায় চার্জশীটভুক্ত আসামী ফুলগাজীর যুবলীগ নেতা সোহেলকে প্রায় তিন মাস আগে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছিল। গত রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতে সোহেলের পক্ষে জামিন আবেদন করেন এডভোকেট সাইফুল্লাহ রাসেলসহ কয়েকজন আইনজীবী। চার্জশীটভুক্ত আসামী হওয়ায় রাষ্ট্রপক্ষ থেকে প্রবল বিরোধিতা করা হলেও বিচারক মাশফিকুল হক তার জামিন মঞ্জুর করেন। এটি ফেনীর আদালতে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলায় প্রথম কোনো চার্জশীটভুক্ত আসামীর জামিন পাওয়ার ঘটনা। এই খবরে শহীদের পরিবার, জুলাই যোদ্ধাসহ সর্বত্র তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এই মামলার চার্জশীটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীসহ ২২১ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।