বিশ্বকাপে ম্যাচসেরা কে নির্বাচন করে? ভোট প্রক্রিয়া জানুন
ফিফা বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার নির্বাচনে ভোটার হিসেবে কাজ করেন সমর্থকরা। ক্লাব ফুটবলে সাধারণত ধারাভাষ্যকাররা এই সিদ্ধান্ত নেন, কিন্তু বিশ্বকাপে ফ্যানরা অনলাইনে ভোট দেন।
ইংল্যান্ডের জুড বেলিংহাম ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে ম্যাচসেরা নির্বাচিত হওয়ার পর বলেছিলেন, এটি তাঁর প্রাপ্য নয়। তাঁর মতে, ওই ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি প্রাপ্য ঘানার কোনো ডিফেন্ডারের। এই ঘটনার পর অনেকের মনে প্রশ্ন জেগেছে—বিশ্বকাপে ম্যাচসেরা আসলে কারা নির্ধারণ করেন?
ক্লাব ফুটবলে সাধারণত ধারাভাষ্যকারেরাই ম্যাচের সেরা খেলোয়াড় বেছে নেন। তবে এবারের ফিফা বিশ্বকাপে নিয়মটা আলাদা। এখানে ধারাভাষ্যকারদের হাতে সেরা খেলোয়াড় নির্বাচনের ক্ষমতা নেই। পুরো বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে সমর্থকদের হাতে।
ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের বাঁশি বাজার পর থেকে খেলা শেষ হওয়া পর্যন্ত ফুটবলপ্রেমীরা সরাসরি ভোট দিতে পারেন। ফিফা প্লে জোন অ্যাপ এবং অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ভোট দেওয়ার সুযোগ পান সমর্থকেরা। ফলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের কাছে জনপ্রিয়তার ওপরও অনেক সময় নির্ভর করে এই পুরস্কার।
ফুটবল বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার দেওয়া শুরু হয় ২০০২ বিশ্বকাপে। সেই বিশ্বকাপে প্রথম ম্যাচসেরার পুরস্কারটি উঠেছিল সেনেগালের এল হাদজি দিউফের হাতে।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডটি আর্জেন্টিনার লিওনেল মেসির দখলে। চলতি আসরে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার জিতে নিজের ঝুলিতে থাকা মোট পুরস্কারের সংখ্যাকে ১৩-তে নিয়ে গেছেন মেসি। তালিকায় মেসির ঠিক পরেই আছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচটি বিশ্বকাপ খেলে পর্তুগাল মাত্র দুবার শেষ ষোলোর গণ্ডি পেরোতে পারলেও সিআরসেভেন ম্যাচসেরা হয়েছেন ৭ বার।