টাঙ্গাইলে কৃষক হত্যা: দুই সহোদরসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলের সখীপুরে ২০০৯ সালে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষক হত্যা মামলায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দণ্ডিতদের মধ্যে দুইজন সহোদর।
টাঙ্গাইলের সখীপুরে একটি কৃষক হত্যা মামলায় বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকালে আদালত রায় ঘোষণা করেছেন। স্পেশাল দায়রা জজ দিলার আলো চন্দনার আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন— সখীপুরের কচুয়া দক্ষিণপাড়া এলাকার আবুল কাশেম (আমজাদ আলীর ছেলে), মো. রওশন আলী ও মো. মোস্তাক (হায়দার আলীর ছেলে)। এদের মধ্যে রওশন ও মোস্তাক সহোদর। মামলার বাকি ১১ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ জুলাই জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা বাদী ওহাব সিকদারের পরিবারের সদস্যদের ওপর হামলা ও মারধর করে। এই ঘটনায় ওহাবের চাচাতো ভাই দুলাল গুরত্বর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট সখীপুর থানার এসআই আবুল কালাম আজাদ ১৭ জনের বিরুদ্ধে চার্জশীট দাশ করেন। মামলা চলাকালীন তিনজন আসামি মৃত্যুবরণ করেন। রায় ঘোষণার সময় আবুল কাশেম ও রওশন আদালতে হাজির ছিলেন। মোস্তাক পলাতক রয়েছে।