সব সংবাদ
জাতীয়

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: অভিযুক্তও গণপিটুনিতে নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে একজন মা ও তার তিন মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত যুবককে গণপিটুনিতে পিটিয়ে মারা হয়েছে। এ ঘটনায় পুলিশের ৬-৭ জন সদস্যও আহত হয়েছেন।

লক্ষ্মীপুরের রায়পুরে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদারও গণপিটুনিতে মারা গেছেন। অন্তর নোয়াখালী সুবর্ণচরের কার্তিক মজুমদারের ছেলে এবং রায়পুরের ভ্রাম্যণ ফল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহিনুরের পরিবার কুমিল্লা থেকে প্রায় ১২-১৪ বছর আগে রায়পুরে ভাড়া বাসায় আসে। ২০১৯ সালে তাদের স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে শাহিনুর তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন।

অন্তর প্রায় দেড় বছর আগে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রায় ৭-৮ মাস আগে তিনি বাসা ছেড়ে চলে যান। বৃহস্পতিবার সকালে পানির পাইপ ঠিক করতে আসার কথা বলে অন্তর ওই বাসায় যান। এরপর হঠাৎ তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করেন।

প্রতিবেশি রাণী অন্তরকে সন্দেহজনক মনে হলে গেট আটকে দিয়ে স্থানীয়দের খবর দেন। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতার ইটপাটকেলে ৬-৭ জন পুলিশ সদস্য আহত হন।

আহত অবস্থায় সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা শাহিনুর, সায়মা ও শিফাকে মৃত ঘোষণা করেন। মেজো মেয়ে ইকরাকে ঢাকায় নেওয়ার পথে বিকেলে মারা যায়। অন্তরকেও সদর হাসপাতালে নিলে তিনি মারা যান।

শাহিনুরের ছেলে সিফাত হোসেন রায়পুর বণিক সমিতির সভাপতির প্রতিষ্ঠানে চাকরি করে। সে কাজে গিয়ে থাকায় এ ঘটনার সময় বাড়িতে ছিল না।