সব সংবাদ
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: ধ্বংসস্তূপে আটকা শত শত জীবিত মানুষ, উদ্ধারে কেউ আসছে না

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে কাতিয়া লা মার শহরে বহু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে জীবিত আটকে পড়লেও উদ্ধারকারী দল আসছে না। এ পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প আঘাত হানার ফলে কাতিয়া লা মার শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে ৭.২ মাত্রার এবং মাত্র ৪০ সেকেন্ড পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পে শহরটির অনেক ঘরবাড়ি ও উঁচু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পর শহরটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এই দুর্ঘটনায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের সারারাত খুঁজে বের করার চেষ্টা করেছেন আত্মীয়-স্বজনরা। আটকে পড়াদের অনেকে জীবিত থাকলেও তাদের উদ্ধার করতে এগিয়ে আসেনি কেউ।

৪৯ বছর বয়সী ল্যারি রোজাস নামে এক নারী বলেছেন, "আমাদের আর কিছুই নেই। একটু শক্তিও নেই ধসে পড়া ভবনের কাছে যাওয়ার।" তিনি তার ধসে পড়া বাড়ির সামনে বসে আছেন এবং তার বেশ কয়েকজন আত্মীয়-স্বজন আটকা পড়ে আছেন। আরেক নারীর এক মেয়ে ১২ তলা উঁচু একটি ভবনের নিচে আটকা পড়ে আছে। কিন্তু ভূমিকম্পের পর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার মেয়েকে কেউ উদ্ধার করতে আসেনি। তিনি বলেছেন, "ধসে পড়া ভবনের নিচে জীবিত মানুষ আছেন। কিন্তু তাদের বাঁচাতে কেউ আসছে না।"

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ আপডেটে জানিয়েছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ৯৭১ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয় এবং কয়েক মুহূর্তের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, দুই ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান মাত্র ৪০ সেকেন্ড ছিল।