ডিজিটাল সরকার গড়তে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরামে বলেছেন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার শুধু প্রযুক্তি নয়, সুশাসনের অন্যতম মাধ্যম। প্রত্যন্ত অঞ্চলের নাগরিক যেন রাজধানীর বাসিন্দাদের মতোই সরকারি সেবা পেতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬’-এর উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে মন্ত্রী ফকির মাহবুব আনাম অন্তর্ভুক্তিমূলক ও নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) কেবল প্রযুক্তিনির্ভর উদ্যোগ নয়, বরং সুশাসন নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। প্রত্যন্ত অঞ্চলের একজন নাগরিক যেন রাজধানীর বাসিন্দাদের মতোই সহজে সরকারি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি ‘ডিজিটাল-ফার্স্ট’ সরকার ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। বর্তমানে সরকারি পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’ (EkPay), ‘মাইগভ’ (myGov) অ্যাপ, জাতীয় তথ্য বাতায়ন এবং ‘৩৩৩’ হেল্পলাইনের মাধ্যমে নাগরিকরা বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারছেন। এছাড়া আগামী তিন বছরের মধ্যে সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত ইন্টারনেট এবং স্মার্ট ডিভাইস নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। নাগরিক অংশগ্রহণ ও জবাবদিহিতার জন্য ক্যাবিনেট বিভাগের ‘গ্রিভেন্স রিড্রেস সিস্টেম’ (জিআরএস) এবং ‘ই-পার্টিসিপেশন’ ব্যবস্থার মাধ্যমে জনগণ সরাসরি মতামত ও অভিযোগ জানাতে পারছেন। সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা আরও জোরদার করতে ভবিষ্যতে ‘ই-পার্টিসিপেশন র্যাংকিং’ চালুর পরিকল্পনাও রয়েছে।