সব সংবাদ
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের বৈঠক

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় গ্রেট হল অব পিপলে অনুষ্ঠিত এ বৈঠক প্রায় ৪৫ মিনিট স্থায়ী ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক প্রায় ৪৫ মিনিট স্থায়ী ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুনন। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী লি ছিয়াং। বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠকের পরে লি ছিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভোজসভার আয়োজন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াওইউথাই থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হল অব পিপলে পৌঁছান এবং উষ্ণ অভ্যর্থনা পান। শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।