সব সংবাদ
আন্তর্জাতিক

ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আশাবাদী, সীমান্ত সমস্যা দ্রুত সমাধান হবে

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে যেসব সমস্যা তৈরি হয়েছে সেগুলো দ্রুত সমাধান হয়ে যাবে। এদিন তিনি ঢাকায় ইন্ডিয়ান ভিসা আপ্লিকেশন সেন্টার পরিদর্শন করে প্রায় দুই বছর বন্ধ থাকা পর্যটন ভিসা চালুর ঘোষণা দেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করতে গিয়ে এ আশার কথা শোনান ঢাকায় ভারতের নতুন এই হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এদিন ঢাকা মিশনে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন এই সাবেক রাজনীতিক থেকে কূটনীতিকে রূপান্তরিত ব্যক্তি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সীমান্ত সমস্যাসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ইতিবাচক উদ্যোগের উপর রাষ্ট্রপতি গুরুত্বারোপ করেন। হাইকমিশনার জানান, সম্প্রতি বিএসএফ ও বিজিবির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত বৈঠক আয়োজনের মাধ্যমে সীমান্ত সমস্যা দ্রুত সমাধান হবে বলে তিনি আশাবাদী। রাষ্ট্রপতি বলেন, সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ ও মর্যাদা এবং জনগণের কল্যাণকে সমুন্নত রেখে ভারতের সঙ্গে সম্মানজনক ও ভবিষ্যতমুখী অংশীদারত্ব বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলা বলতে পারেন এবং দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ভালো ধারণা রাখেন। পরিচয়পত্র পেশের পরপরই তিনি ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শনে গিয়ে প্রায় দুই বছর বন্ধ থাকা পর্যটন ভিসা চালুর ঘোষণা দেন। দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সাবেক এমপি ও বিজেপি নেতা। ২০০৯ সালে তিনি কেন্দ্রের মনমোহন সিংহ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হয়েছিলেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে তিনি বিজেপিতে যোগ দেন। ভারত সরকার তাকে মন্ত্রীর মর্যাদা দিয়ে হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।