লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত
লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তার মা ও ছোট বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেক মেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন। সন্দেহভাজন ঘাতককে গণপিটুনিতে হত্যা করেছে এলাকাবাসী।
লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২১), তার মা শাহিনুর বেগম (৩৮) এবং ছোট বোন শিফা আক্তার (৯) এই তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা থেকে সোয়া ১১টার মধ্যে রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। সন্দেহভাজন ঘাতক অন্তর মজুমদার (৩৫) ধারালো অস্ত্র নিয়ে ওই ঘরে প্রবেশ করে মা ও তিন মেয়েকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। ঘাতক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরেক মেয়ে ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পরিবারের বাড়ি কুমিল্লা জেলায়। কয়েক বছর আগে শাহিনুরের স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের হামলার মুখে পড়তে হয় তাদেরকে। ইটপাটকেলের আঘাতে ছয়-সাত জন পুলিশ সদস্য আহত হয়েছেন।